আলো ডেস্ক এক্সক্লুসিভ: প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস পালন করে বিএনপি। দিবসটি উপলক্ষে এবারও একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করা হয়েছে দলটির পক্ষ থেকে। গতকাল বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় প্রতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় জিয়াউর রহমানের কবরে বিএনপির পক্ষ থেকে দলের জাতীয় স্থায়ী কমিটিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পুষ্পস্তবক অর্পণ ও দোয়া।
তিনি বলেন, ৭ নভেম্বর বেলা ২টায় মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে দলের সিনিয়র নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা আলোচনা করবেন। রিজভী বলেন, দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ইতোমধ্যে দলের পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হয়েছে। এছাড়াও দলের অঙ্গ, সহযোগী ও পেশাজীবী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, অনুরূপভাবে দেশব্যাপী জেলা, মহানগর ও উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
