ইফতেখার আলম বিশাল
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে এ স্মারকলিপি পাঠানো হয়। একই দাবিতে এর আগে গত ১৩ এপ্রিল মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে “রাজশাহীবাসী” ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, প্রায় ১৭ বছর ধরে একটি চক্র হাসপাতালকেন্দ্রিক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। অভিযোগের মধ্যে রয়েছে টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, গ্যারেজ ও অ্যাম্বুলেন্স পরিচালনায় অনিয়ম এবং সরকারি ওষুধ বাণিজ্য। এসব কারণে সাধারণ ঠিকাদাররা কাজ থেকে বঞ্চিত হচ্ছেন, যোগ্য প্রার্থীরা চাকরির সুযোগ পাচ্ছেন না এবং রোগীরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে হাসপাতালের কার্যক্রমে আধিপত্য বিস্তার করে রোগী ও চাকরিপ্রত্যাশীদের জিম্মি করে রেখেছে। তারা অভিযোগ করেন, হাসপাতালের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর নেতৃত্বে এই সিন্ডিকেট গড়ে উঠেছে এবং তারা বিভিন্ন অনিয়মের মাধ্যমে প্রভাব বজায় রেখে চলেছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, হাসপাতাল সংশ্লিষ্ট একটি গ্রুপ দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছে। তাদের বিরুদ্ধে কোয়ার্টার ব্যবহারে অনিয়মসহ নানা অভিযোগ থাকলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করা হয়। বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তোলা হয়।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এ বিষয়ে বক্তব্য জানতে হাসপাতালের পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্মারকলিপিতে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে বিভিন্ন রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
