স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেডি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতার একটি অংশ। কর্মসূচি থেকে তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। তবে এসব অভিযোগের বিষয়ে উপাচারে্যর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সোমবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সম্পদ বিক্রি ও লিজ দুর্নীতি,টেন্ডার ছাড়াই প্রজেক্ট এলাকার প্রায় দুই কোটি টাকার দুই হাজার গাছ লুটপাট, ১৯ কোটি টাকার পুরাতন ভবন ও সীমানা প্রাচীর পকেটে পুরে ফেলা এবং কোটি টাকার আম মাত্র ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি,নিয়ম বহির্ভূতভাবে নিজের ভাগ্নে ও পরিচিতদের গুরুত্বপূর্ণ পদে বসানো এবং মেডিকেল টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ,বিশ্ববিদ্যালয় অধিগ্রহণের জন্য জমি নির্ধারণে অতিরিক্ত মূল্য দেখিয়ে শত শত কোটি টাকা আত্মসাৎ করা হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ের তদন্তে এই দুর্নীতির প্রমাণ মিললেও তৎকালীন রাজনৈতিক প্রভাবে তা ধামাচাপা পড়ে,লোগো পরিবর্তন, কেনাকাটা কমিটির অনুমোদন ছাড়া মালামাল ক্রয় এবং ভুয়া প্রশ্নপত্র ছাপানোর নামে লাখ লাখ টাকা তোলার অভিযোগও রয়েছে তার ও তার ঘনিষ্ঠ পিএসের বিরুদ্ধে।
বক্তারা আরও দাবি করেন, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, টেন্ডার মূল্যায়নে অনিয়ম এবং উন্নয়ন প্রকল্পে আর্থিক অসঙ্গতির বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে উপাচার্য ও তাঁর পরিবারের নামে অর্জিত সম্পদের উৎস অনুসন্ধানেরও দাবি জানান তারা। কর্মসূচি থেকে উপাচারে্যর পদত্যাগ, তাঁর আমলে দেওয়া কথিত অবৈধ নিয়োগ বাতিল এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বক্তারা বলেন, দাবি বাস্তবায়ন না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, পশ্চিম বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, রাজশাহী মহানগর কৃষকদলের আহ্বায়ক শরফুজ্জামান সামিম, মহানগর তাঁতী দলের সভাপতি মো. কাজলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
