স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন রাজশাহীর মাহমুদা হাবীবা। তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাহমুদা হাবীবা বিএনপির মিডিয়া সেলের সদস্য হিসেবেও সক্রিয়। তিনি রাজশাহী-৫ আসনের সাবেক এমপি মরহুম আয়েন উদ্দীনের কন্যা। তার পারিবারিক নিবাস রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকায়।
দলীয় রাজনীতির পাশাপাশি তিনি একজন সক্রিয় নারী উদ্যোক্তা হিসেবেও পরিচিত। দীর্ঘদিন ধরে দলীয় প্রচার, নীতি উপস্থাপন এবং গণমাধ্যমে দলের প্রতিনিধিত্বে ভূমিকা রেখে আসছেন তিনি।
সোমবার দুপুরে বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের নাম ঘোষণা করে, যেখানে মাহমুদা হাবীবাও স্থান পেয়েছেন। এর আগে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও প্রায় ৯০০ জন প্রার্থী ফরম জমা দেন।
