আলো ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি দিয়েছে দলটি। গতকাল সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১৯ জানুয়ারি বেলা ১১টায় বিএনপির জাতীয় নেতারা শেরেবাংলা নগরস্থ জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ করবেন।
একই সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। জন্মবার্ষিকী উপলক্ষে দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হবে এবং এরইমধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া কেন্দ্রীয়ভাবে এদিন ঢাকায় বেলা ২টায় রমনাস্থ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ড্যাব ১৯ জানুয়ারি এবং বিএনপির পক্ষ থেকে চিকিৎসকরা ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করবে।
অনুরূপভাবে সারাদেশে বিভিন্ন পর্যায়ের ইউনিটসমূহ নিজেদের সুবিধানুযায়ী জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে উদ্যোগ গ্রহণ করবে।
