রাজশাহীর আলোঃ- স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার ইউনিটে আরও দু‘জনের মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী । তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে রাজশাহী জেলার একজন এবং করোনা নেগেটিভ হয়েও নওগাঁ জেলার একজনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে একজন হাসপাতালের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে এবং অন্যজন হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। মৃত ব্যক্তির বয়স ৬১ বছরের ওপরে। অপর ব্যক্তির বয়স ৪১ থেকে ৫০ বছর।
এদিকে করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৮ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৯ জন। বর্তমানে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর তিনজন, নাটোরের একজন, পাবনার দুজন, কুষ্টিয়ার একজন, সিরাজগঞ্জের একজন এবং দিনাজপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন দুজন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তিনজন রোগী। বর্তমানের রামেকে করোনা ইউনিট গুলোতে শয্যার সংখ্যা ১০৪টি।
এর আগে রোববার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রামেক ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে সাতজনের। এই সাতজনই রাজশাহী জেলার বাসিন্দা। রাজশাহীতে করোনা শনাক্তের হার ৩ দশমিক ৭২ শতাংশ।
