রাজশাহীর আলোঃ- স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
গত (১৮ ডিসেম্বর) রাতে নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর জিপিও অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হলো: নওগাঁ জেলার নিয়ামপুর থানার দারাজপুর গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) ও রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর গোয়ালপাড়া এলাকার মোঃ আনিসুর রহমানের ছেলে মোঃ আলী আজম মাসুম (৪৭)।
এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।
তিনি জানান, শনিবার (১৮ ডিসেম্বর রাতে) গোপন তথ্যের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশ জানতে পারে নগরীর লক্ষীপুর জিপিও অফিসের সামনে দুই ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই মোঃ আমিনুর রহমান ও সঙ্গীয় ফোর্স।
এ সময় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
