স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুরে বিসিআইসি ডিলার মেসার্স শাপলা ট্রেডার্সের ম্যানেজার সরকারি সার পাচারে জড়িত থাকার ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মো: নাজিম উদ্দিনকে শোকজ করা হয়েছে। প্রতিষ্ঠানের ম্যানেজার তাহাজ্জাক সার পাচারে সম্পৃক্ততায় ডিলারকে দুই কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) পাঠানো নোটিসে বলা হয়েছে, উপজেলার ৬ নং মাড়িয়া ইউনিয়নের বিসিআইসি ডিলার মেসার্স শাপলা ট্রেডার্সের ম্যানেজার তাহাজ্জাক গত জুলাই মাসে নওগাঁ থেকে সরকারি সার দুর্গাপুরে স্থানান্তরে জড়িত থাকার অভিযোগে প্রতিষ্ঠান থেকে সরিয়ে দিতে মালিক নাজিম উদ্দিনকে কঠোর ভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল। উপজেলা কৃষি অফিসের নির্দেশ অমান্য করে প্রতিষ্ঠান মালিক তাকে বহাল রাখে। এরইমধ্যে গত মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ২০ বস্তা (ডিএপি) সরকারি সার অন্য উপজেলায় পাচারকালে ম্যানেজারকে আবারও আটক করে স্থানীয় লোকজন। এতে স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। দুর্গাপুরে বরাদ্দকৃত সরকারি সার অন্য উপজেলায় পাচারে সহাযোগিতার অভিযোগে কেন ডিলার নাজিমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা দিতে শোকজ নোটিসে বলা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ডিলার নাজিম ও ম্যানেজার গোপনে সরকারি সার বাইরে সরিয়ে নেওয়ার ঘটনা লক্ষ্য করছিলেন। সন্দেহের ভিত্তিতে তারা নিয়মিত রাস্তায় পাহারা বসান। একপর্যায়ে গত মঙ্গলবার কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সার পাচারের চেষ্টার প্রমাণ পেলে ২০ বস্তা সারসহ ভ্যানটি আটক করা হয়।
এব্যাপারে দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, সরকারি সার পাচারের ঘটনা আমাদের নজরে এসেছে।
এঘটনায় বিসিআইসি ডিলার মেসার্স শাপলা ট্রেডার্সের মালিক মো: নাজিম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
