সংগৃহীত
আলো ডেস্ক
আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা তাদের চাকরি ফিরে পেতে আবারও আন্দোলনে নেমেছেন। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তারা একটি পদযাত্রা বের করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে এই পদযাত্রাটি সচিবালয়ের দিকে অগ্রসর হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, আন্দোলনে প্রায় ২২০০ পুলিশ সদস্য অংশগ্রহণ করেছেন। তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে এই আন্দোলন শুরু করেছেন। আন্দোলনকারীদের হাতে ছিল বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার এবং তারা সরকারের প্রতি তাদের দাবী তুলে ধরছেন— দ্রুত যেন তাদের চাকরি পুনর্বহাল করা হয়।
আন্দোলনে অংশগ্রহণকারী এক এসআই পদমর্যাদার পুলিশ সদস্য বলেন, আমরা কোনো অন্যায় করিনি। সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের রোশনালে পরে আমাদের চাকরি অবৈধভাবে বাতিল করা হয়েছে। এখন তারা চলে গেছেন, কিন্তু আমাদের চাকরি কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে না?
অন্যদিকে, আরেক চাকরিচ্যুত পুলিশ সদস্য জানান, আমরা গত ছয় মাস ধরে আন্দোলন করে আসছি। আন্দোলনের শুরুতে আমরা প্রধান উপদেষ্টা ও সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেনের সাথে দেখা করে আমাদের দাবি-দাওয়া তুলে ধরি। তিনি আমাদের দাবি যৌক্তিক বলে স্বীকার করেন এবং আশ্বাস দেন যে, প্রায় ৯৮ শতাংশের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। তার আশ্বাসের পর আমরা আন্দোলন স্থগিত করেছিলাম, কিন্তু সময় গড়িয়ে গেলেও চাকরি ফেরত মেলেনি। তাই আমরা আবারও আন্দোলন শুরু করেছি এবং দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে, আন্দোলনকারীরা তাদের দাবি সরকারের কাছে দ্রুত সমাধান চেয়ে নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন এবং বলছেন, চাকরি ফিরিয়ে দাও, দাবি পূর্ণ করো।
