সংগৃহীত
আলো ডেস্ক
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে এই আন্দোলন করছেন।
এ আন্দোলনের অংশ হিসেবে গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার পর থেকে কলেজটির মূল ফটকের সামনে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে অনশন শুরু করেন কলেজটির শিক্ষার্থীরা।
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্য’ তাদের সাত দফা দাবি তুলে ধরেছে, যা নিম্নরূপ:
১. তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ। ২. তিতুমীর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা। ৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, অথবা আবাসিক খরচ বহনের ব্যবস্থা করা। ৪. ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয়, যেমন ল’ এবং জার্নালিজম, সংযোজন। ৫. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ। ৬. শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে আসন সংখ্যা সীমিতকরণ। ৭. আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের জন্য জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ।
শিক্ষার্থীদের দাবির প্রতি গুরুত্ব সহকারে মনোযোগ দেয়ার আহ্বান জানিয়ে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
