মাহাবুর রহমান বাঘা( রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলায় ফরম পূরণ জটিলতায় পড়া ৩৯ জন এসএসসি পরীক্ষার্থীর অবশেষে ফরম পূরণ সম্পন্ন হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) এ কার্যক্রম শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান।
জানা গেছে, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। কিন্তু পরীক্ষার মাত্র ছয় দিন আগে কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জানতে পারেন, তাদের ফরম পূরণ হয়নি। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়।
বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি থেকে মোট ৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে একজনের ফরম পূরণ থাকলেও বাকি ৩৯ জনের ফরম পূরণ হয়নি।
পরবর্তীতে জরুরি উদ্যোগ গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণের কাজ সম্পন্ন করে। একই সঙ্গে নবম শ্রেণির আরও ৩৪ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশনও সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কামারুজ্জামান বলেন, কীভাবে শিক্ষার্থীরা ফরম পূরণ থেকে বাদ পড়েছিল তা স্পষ্ট নয়। তবে বিষয়টি জানার পরপরই কলেজ পরিদর্শক ও বোর্ড চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধান করা হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান বলেন, বোর্ড চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানান, শিক্ষার্থীদের ফরম পূরণ সম্পন্ন হয়েছে এবং বিষয়টি শিক্ষা বোর্ড নিশ্চিত করেছে।
ঘটনার সমাধান হওয়ায় স্বস্তি ফিরে এসেছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে।
[9:22 pm, 16/04/2026] +880 1712-096758: আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন
