স্পোর্টস ডেস্ক
তামিম ইকবাল ও সাকিব আল হাসান—বাংলাদেশ ক্রিকেটের দুই বড় তারকা। একসময় তাদের বন্ধুত্বের কথা শোনা গেলেও, এখন তাদের সম্পর্কের টানাপোড়েন আর কারো অজানা নয়। এই দুই ক্রিকেটারকে জাতীয় দলে একসাথে দেখা সম্ভব না হলেও, ভিন্ন প্রেক্ষাপটে মুখোমুখি হতে পারেন তারা।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। তবে তিনি ঘরোয়া ক্রিকেট এবং চলমান বিপিএলে ফরচুন বরিশালের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। অন্যদিকে, সাকিব আল হাসান বর্তমানে বেশ কঠিন সময় পার করছেন। রাজনৈতিক জটিলতার কারণে দেশে ফিরতে পারছেন না এবং তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। এছাড়া বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ক্রিকেটেও অনুপস্থিত। সাকিবের ওয়ানডে ক্যারিয়ার কার্যত শেষের পথে এবং এই দুই তারকাকে জাতীয় দলে আর একসাথে দেখা যাওয়ার সম্ভাবনাও নেই।
তবে এর মধ্যেও ভিন্ন এক মঞ্চে দেখা যেতে পারে তাদের। দুজনেই সাবেক ক্রিকেটারদের জন্য আয়োজিত ‘লিজেন্ডস লিগ ক্রিকেট’-এ অংশ নিতে যাচ্ছেন। তামিম খেলবেন বিগ বয়েজ স্কোয়াডের হয়ে, যেখানে তার সতীর্থদের মধ্যে আছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান এবং হার্শেল গিবসের মতো তারকারা। অন্যদিকে, সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। তামিম নিজেই লিগে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, এই টুর্নামেন্টে খেলা তার জন্য দারুণ রোমাঞ্চকর হবে।
আগামী ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি রায়পুরে অনুষ্ঠিত হতে যাওয়া এই লিগে ক্রিকেটপ্রেমীরা তাদের পছন্দের দুই তারকাকে আবার মাঠে দেখতে পাবেন, যদিও তারা খেলবেন ভিন্ন দলের হয়ে।
