সংগৃহীত
আলো ডেস্ক
ফরিদপুরের ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ দুই ভুয়া নারী সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাজার এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরগুনার বেতাগীর দক্ষিণ ভোলানাথপুর গ্রামের সামিরা শীতল তুবা (১৯) এবং বাগেরহাটের কচুয়ার মারিয়া (২১)। এসময় তাদের মোবাইলে প্রেস স্টিকার সম্বলিত ২ ফোন সেট ও গলায় বিভিন্ন ভুয়া গণমাধ্যমের আইডি কার্ড জব্দ করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল মুনসুরাবাদ এলাকায় সন্দেহজনক গাড়িটি তল্লাশি চালিয়ে ১৫ কেজী গাঁজা সহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয় বলে জানান তিনি।
