সংগৃহীত ছবি
আলো ডেস্ক
দেশে এখন মানসম্মত চিকিৎসক দরকার বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
বুধবার (২৬ জুন) দুপুরে আকস্মিক রায়েরবাজারে শিকদার উইমেন্স মেডিকেল কলেজে পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মেডিকেল কলেজটা ঘুরেফিরে পরিদর্শন করলাম। কিছু কিছু ব্যাপারে আরো সতর্কতা মেনে চলতে আমি কর্তৃপক্ষকে বলব। মেডিকেল কলেজের ছাত্রীদের বাসস্থান, অডিটোরিয়ামসহ সবকিছু ঠিক করতে আমি তাদের বলেছি। উনারা এসব কিছু ঠিক করার জন্য কিছু সময় নিয়েছেন। আশা করি নির্দিষ্ট সময়ের ভেতর কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে।
এছাড়া স্বাস্থ্যমন্ত্রী রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে যথাযথ প্রসিডিওর মেনে চলতে বলেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন পরিদর্শনে গিয়ে সার্জারি বিভাগসহ কয়েকটি ইউনিট ঘুরে দেখেন। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী ছাত্রী হোস্টেল, অডিটোরিয়ামসহ বিভিন্ন অবকাঠামো সাত মাসের মধ্যে ঠিক করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, ঢাকা -১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, স্বাস্থ্য শিক্ষা সচিব মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
