ছবি সংগৃহীত
আলো ডেস্ক
ফরিদপুরের নগরকান্দা মহাসড়কে ডাকাতির ঘটনায় ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাত দলটির কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও কিছু টাকা উদ্ধার করা হয়। বুধবার (২৪ জানুয়ারি) বেলা সারে বারোটায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মোর্শেদ আলম।
পুলিশ সুপার জানায়, চলতি মাসের ১৪ জানুয়ারি রাত সোয়া একটার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর ব্রিজের কাছে মুরগি ভর্তি একটি পিকআপ ডাকাতি হয়। পিকআপের চালক ও মুরগি ব্যবসায়ীকে মারধর করে তাদের কাছ থেকে পিকআপ, ৫০৪টি মুরগি, নগদ ৯ হাজার ২০০ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়। যার আনুমানিক মূল্য ২১ লাখ ১১ হাজার টাকা।
এ ঘটনায় নগরকান্দা থানায় মামলা হলে পুলিশ অভিযানে নামে। ২২ জানুয়ারি পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে মোহসিন নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যমতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম, সুজন মাতুব্বর সজল ও দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মহসীন জানায় যে, ডাকাতির ঘটনায় তারা ৬ জন ডাকাতি করার জন্য একটি পিকআপ গাড়ী নিয়ে গাজীপুর জেলার মাওনা বাঘের বাজার এলাকা হতে চলতি মাসের ১৩ জানুয়ারি রাত নয়টার সময় রওনা করে প্রথমে মাদারীপুর জেলার টেকেরহাট পৌছায় এবং সেখান থেকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকার উদ্দেশ্যে রওনা করে।
তাদের পূর্ব-পরিকল্পনা অনুযায়ী ভাঙ্গা চৌরাস্তার মোড় হতে রাজবাড়ী জেলার উদ্দেশ্যে রওনা করে এবং রাস্তায় বিভিন্ন মুরগীর গাড়ী লক্ষ্য করতে করতে ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড়ে পৌছে একটি মুরগীর গাড়ী ভাঙ্গার দিকে আসতে দেখতে পায়। তারা দ্রুত তাদের গাড়ী ঘুরিয়ে মুরগীর গাড়ীর পিছু নিয়ে ডাকাতি করে।
ডাকাতির সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তার ও ডাকাতি হওয়া পিকআপটি উদ্ধারে পুলিশ কাজ করছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান, টিআই তুহিন লস্কর প্রমুখ।
