আলো ডেস্ক: রাজধানীর কাওরান বাজার, তেজগাঁও ও বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মনসুর হেলাল (২৫) একজনের নাম-পরিচয় জানা গেছে। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক এসব তথ্য জানান। তিনি জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে তেজগাঁওয়ের মধ্যবর্তী রেললাইন ও বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের একজনের বয়স (২৫) ও অপরজনের (৪০)। এ ছাড়া দুপুরে কাওরান বাজার কাটপট্টি সংলগ্ন রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় মনসুর নামে আরেকজন মৃত্যু হয়েছে। মাজহারুল হক জানান, ট্রেনের ধাক্কায় পৃথক স্থানে তিনজনের মৃত্যুর ঘটনায় দুজনের পরিচয় এখনও জানা যায়নি। শনাক্তের জন্য তাদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া কাওরান বাজার কাঠপট্টি সংলগ্ন রেললাইনে মনসুর হেলাল নামে যে যুবক মারা গেছেন তার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী এলাকায়। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তার লাশ আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
