আলো ডেস্ক: বন্ধুদের সঙ্গে সিলেটের জাফলংয়ে বেড়াতে গিয়ে পথেই ট্রাক চাপায় মারা গেলেন দুই যুবক। গতকাল শুক্রবার দুপুরে সিলেট-তামাবিল সড়কের জাফলং গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুর জেলা সদরের মো. রহমত উল্লাহর ছেলে ইউসুফ আলী ও সোহেল আহমদ। তবে সোহেলের বিস্তারিত পরিচয় মিলেনি। পুলিশ জানায়, ইউসুফ ও সোহেলসহ ছয় বন্ধু ৩টি মোটরসাইকেলে জাফলং ভ্রমণে আসেন।
ভ্রমণ শেষে ফেরার পথে ইউসুফ ও সোহেল একই মোটরসাইকেলে করে রওনা দেন। জাফলং গুচ্ছগ্রাম এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান ইউসুফ।
গুরুতর আহত সোহেলকে উদ্ধার করে স্থানীয়রা সিলেট ওসমানী মেডিকোল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিলেটের গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই পর্যটকের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করে। অপরজন হাসপাতালে মারা যান। লাশ দু’টির সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
