আলো ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুজনকে ঢাকায় ও ছয়জনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
আহতরা হলেন- ফাতেমা, এনামুল, আতাবুর, সোহরাব, জাহিদ, ইফসুফ, আছমা, সেলিম, রেহেনা, কাউছার, বুলবুল, রোকসানা, নরুল আমিন ও ইমন। স্থানীয়রা জানান, মাহমুদপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী কাউছার ও দশম শ্রেণির শিক্ষার্থী ইফসুফের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে বিতণ্ডা হয়।
এর জের ধরে গতকাল রোববার কাউছার স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাশের গ্রাম খিরদাসাদী আসলে ইফসুফ তার স্বজনদের নিয়ে মারধর করে। এ খবর কাউছারের বাড়ির লোকজন জানতে পারলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় উভয় পক্ষের ১৪ জন আহত হয়েছেন। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।
