আলো ডেস্ক: রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর তিনি বাংলাদেশে সফর করবেন। এ সময় ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের ৫০তম বিজয় দিবসের আয়োজনে অংশ নেবেন।
এই সফরে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গেও সাক্ষাত করবেন রামনাথ কোবিন্দ।
এর আগে চলতি বছরের ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিনি বাংলাদেশ সফরে আসেন।
এদিকে গতকাল সোমবার ছিল বাংলাদেশ এবং ভারতের মৈত্রী দিবস। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল প্রতিবেশী ভারত। ওই দিনটিকে স্মরণ করে ৬ ডিসেম্বর মৈত্রী দিবস পালিত হচ্ছে।
মৈত্রী দিবস উপলক্ষে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় তিনি বলেন, আজ (সোমবার) ভারত এবং বাংলাদেশের মৈত্রী দিবস। যৌথভাবে আমরা ৫০ বছরের বন্ধুত্বকে স্মরণ ও উদযাপন করছি।
ওই টুইট বার্তায় তিনি আরও বলেন, আমাদের বন্ধনকে আরও বিস্তৃত এবং গভীর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যেতে আমি উন্মুখ হয়ে আছি।
মৈত্রী দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারত যৌথভাবে ‘লোগো এবং ব্যাকড্রপ’ ডিজাইনিং প্রতিযোগিতার আয়োজন করছে। এ ছাড়া ৬ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর যথাক্রমে মৈত্রী দিবস এবং বাংলাদেশের বিজয় দিবসের বিশাল আয়োজন উপলক্ষে একসঙ্গে কাজ করছে বাংলাদেশ এবং ভারত।
