আলো ডেস্ক
বান্দরবানের আলীকদমে দুর্গম এলাকায় ভ্রমণে গিয়ে দুই পর্যটকের মৃত্যু এবং একজন নিখোঁজের ঘটনায় ‘গাফিলতির অভিযোগে’ ফেইসবুক ভিত্তিক একটি ট্যুর গ্রুপের অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‘ট্যুর এক্সপাট’ এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে (২৪) সেনাবাহিনীর সহায়তায় শনিবার গ্রেপ্তার করা হয় বলে জানান আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন।
সকালে নিহত পর্যটক স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমান ট্যুর গ্রুপ পরিচালনাকারী বর্ষা ইসলামকে আসামি করে আলীকদম থানায় মামলা করেন। তারপরই তাকে আলীকদম থেকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে স্মৃতি আক্তারসহ ২০ জনকে পাহাড় সম্পর্কে অনভিজ্ঞ এক ব্যক্তির তত্ত্বাবধানে আলীকদমে ফেরত পাঠানো হয়।
১১ জুন বিকালে শামুক ঝর্ণা এলাকায় হঠাৎ পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, হাসান চৌধুরী শুভ এবং শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। পরে ১২ ও ১৩ জুন দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। তবে হাসান চৌধুরী শুভ এখনও নিখোঁজ।
যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, আবহাওয়ার সতর্কতা এবং প্রশাসনিক অনুমতি ছাড়া ভ্রমণ আয়োজন এবং আয়োজকদের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে মামলায় বলা হয়েছে।
