আলো ডেস্ক: সারাদেশে সব মহানগর ও জেলা সদরে আজ সোমবার জনসমাবেশ করবে বিএনপি। সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে গত শনিবারের অবস্থান কর্মসূচি পালনকালে দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নতুন এ কর্মসূচি দেওয়া হয়।
নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি জনসমাবেশ করবে। এই জনসমাবেশ থেকে বিএনপির এক দফা আন্দোলনের নতুন বৃহৎ কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে।
এরইমধ্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে চিঠি পাঠিয়ে ঢাকায় সোমবারের জনসমাবেশের বিষয়টি জানিয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু এ তথ্য জানিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, সোমবার সরকার পতনের এক দফা আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে।
গত শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সাংবাদিকদের জানিয়েছিলেন, দু-একদিনের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সরকারের পদত্যাগ, জাতীয় সংসদের বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা ও খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে ১২ জুলাই নয়াপল্টনে দলীয় সমাবেশ থেকে ‘এক দফা’র ঘোষণা দেয় বিএনপি। এরই ধারাবাহিকতায় গত ২৯ জুলাই নয়াপল্টনে মহাসমাবেশ করে দলটি।
