আলো ডেস্ক: সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি এম হাফিজউদ্দীন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে মামলা করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার ও তার জামিন চেয়ে বিবৃতি দেওয়ায় এই মামলার করা হয়।
গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় মামলার আবেদন করেন চারজন আইনজীবী। তারা হলেন আইনজীবী মনিরুজ্জামান, মোহাম্মদ হারুন অর রশিদ, মাহফুজুর রহমান রোমান ও শফিক রায়হান শাওন। আইনজীবী মনিরুজ্জামান রানা বলেন, সুজনের দুজনের বিরুদ্ধে আমরা আদালত অবমাননার অভিযোগে আবেদন করেছি।
এর আগে ১০ জুলাই খাদিজাকে জামিন না দিয়ে তার আবেদন চার মাসের জন্য মুলতবি করেন আপিল বিভাগ। পরে ১২ জুলাই খাদিজার মুক্তি দাবি করে বিবৃতি দেয় সুজন।
