আলো ডেস্ক: সাধারণত মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে প্রতি মাসে একবার সচিব সভা অনুষ্ঠিত হয়। কিন্তু বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর গতকাল সোমবার প্রথম এই সভা অনুষ্ঠিত হয়। তবে মন্ত্রিপরিষদ সচিব এই বৈঠককে ‘সচিব কমিটি’র বৈঠক না বলে ‘প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি’র বৈঠক বলে উল্লেখ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, প্রকল্প বাছাই ও অর্থায়নের ক্ষেত্রে সচিবদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেইসঙ্গে বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগ কোন খাতে যাচ্ছে; তা পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে মন্ত্রিপরিষদ সূত্রে জানা যায়, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিতেই মূলত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে হঠাৎ এই সভা ডাকা হয়।
এ ছাড়া নির্বাচনের আগে সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার বিষয়েও নির্দেশনা থাকবে এই বৈঠকে। যদিও বৈঠকে নির্বাচন সংক্রান্ত বা মাঠ প্রশাসনের জন্য কোনো নির্দেশনা ছিল না বলে জানান মাহাবুব হোসেন। তিনি বলেন, এটি সচিবদের নিয়ে নিয়মিত বৈঠক। গতকাল সোমবার সচিবালয়ে ছয় নম্বর ভবনে সকাল সাড়ে ১০টার দিকে এই সভা শুরু হয়। সভা শেষে বেলা সোয়া ১টার দিকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মন্ত্রিপরিষদ সচিব। সভায় তিনি সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি বিশেষ কোনো মিটিং না।
আমরা যে নিয়মিত মিটিং করি সেই মিটিং। এটি আগামী কাল ছিল, ওই সময় আমার অন্য একটি প্রোগ্রাম পড়েছে। সেজন্য মিটিং একদিন আগে করেছি। সোমবারের মিটিংয়ে কোনো নির্দেশনা ছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, আমাদের তরফ থেকে বিশেষ কোনো নির্দেশনা ছিল না। আমরা এই মিটিংয়ে সাধারণত যে জিনিসটা আলোচনা করি সেটাই ছিল। আমাদের অনেকগুলো প্রস্তাব ছিল। আমাদের কিছু নিয়োগবিধি ছিল, অর্গানোগ্রাম অ্যাপ্রæভ করার বিষয় ছিল সেগুলো আমরা আলোচনা করেছি।
আমাদের যে সরকারি হাসপাতাল ছিল সেই হাসপাতালের নিয়োগবিধিটা আমরা করে দিয়েছি। নির্বাচনের আগে মাঠ পর্যায়ে প্রশাসন কীভাবে কাজ করবে সে বিষয়ে কোনো নির্দেশনা ছিল কি না- প্রশ্নে তিনি আরও বলেন, না, না। এরকম কিছু না। স্কুল সরকারিকরণের বিষয় ছিল কি না- জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেটি আমাদের প্রতিটি মিটিংয়ে সাবজেক্ট থাকে।
প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বাইরেও কয়েকজন সচিব ছিলেন- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওইখানে আমরা কয়েকটা বিষয় আলোচনা করেছি। সেটি হচ্ছে প্রকল্প বাছাই করার ক্ষেত্রে আন্তর্জাতিক যে উইন্ডোগুলো তৈরি হচ্ছে সেখানে সচিবরা যেন একটি বেশি নজর দেন সেই বিষয় নিয়ে কথা হয়েছে। সচিব কমিটি এবং প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভা ছিল বলে অ্যাজেন্ডা থেকে জানা গেছে।
