আলো ডেস্কঃ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আগামী ১ আগস্ট থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গ্যাংকারে চড়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এই তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, আগামী অক্টোবরের শুরুর দিকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল কার্যক্রম উদ্বোধন করা হবে। এখন কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রায়াল লেন শুরুর প্রক্রিয়া চলছে।
একটি পূর্ণাঙ্গ ট্রেন দিয়ে ট্রায়াল লেনের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল প্রকল্পের কাজ শেষ করে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যেই রেল চলাচল চালু কার্যক্রম উদ্বোধন করা হবে।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় কমলাপুর থেকে গেণ্ডারিয়া অংশে তিনটি আলাদা রেললাইনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব ট্রেন গত ৪ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ রেলওয়ে।
এ সময় পদ্মা সেতু প্রকল্প পরিচালক আফজাল হোসেন, ঢাকা বিভাগীয় রেলওয়ে পরিচালক সেলিম রউফ ও বিআরএম সফিকুল ইসলামসহ রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
