স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর হড়গ্রাম বাজার কোর্ট ঢালুর মোড়ে ডাক্তার বেশে ৪০ বছর থেকে জনগণের সাথে প্রতারণা করছেন এমন অভিযোগ পাওয়া গেছে এম, এম, এ জাফর নামের এক প্রতারকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সরজমিনে গিয়ে জানা যায়, তিনি ‘গ্রীন মেডিকেল স্টোর’ নামে একটি মিনি হাসপাতাল খুলে বসে আছেন। স্বত্বাধিকারী তিনি নিজেই। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি (ডিএমএফ) ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ১বছর মেয়াদী কোর্স কমপ্লিট করেছি।
শিশুর সকল রোগসহ, যৌন, ক্যান্সার, আলসার, সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, হাঁপানিসহ গাইনি বিভাগের মত সকল জটিল রোগের চিকিৎসা করে আসছি। আমি ৪০ বছর ধরে এখানেই ডাক্তারি চিকিৎসা সেবা দিয়ে আসছি। ভিজিটিং কার্ডে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিজিটিং কার্ড নামের আগে ডা: এম, এম, এ জাফর না লিখলে আমার কাছে কোন রোগী আসবে না। প্রচার করার জন্যই নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করেছি। তিনি অভিযোগ করে বলেন, অনেক এমবিবিএস ডাক্তার ভুল করেন।
আমি ডাক্তার না ঠিক আছে কিন্তু এমবিবিএস ডাক্তাররা চিকিৎসার নামে রোগী মেরে ফেলছে না? অনেক রোগী এমবিবিএস ডাক্তারের লেখা প্রেসক্রিপশন আমার কাছে নিয়ে আসে। এই দেখেন অনেক রোগী আছে এখানে যারা এমবিবিএস ডাক্তারের কাছে থেকে ভালো চিকিৎসা না পেয়ে আমার কাছে প্রেসক্রিপশন নিয়ে এসেছে। যখন এমবিবিএস ডাক্তারের লেখা প্রেসক্রিপশন ভুল দেখি তখন আমি সংশোধন করে রোগ নিরাময়ের জন্য ঔষধ বদলে দেই। এমন কোন ডাক্তার নাই যে আমার চিকিৎসায় ভুল ধরে। তার এই বক্তব্যের প্রেক্ষিতে এমবিবিএস ডাক্তারদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন এম, এম, এ জাফর (ডিএমএফ) এক বছর মেয়াদী কোর্স করে কত বড় ডাক্তার হয়েছে, কিসের ভিত্তিতে সে ডাক্তার পরিচয় দেয় যে, এমবিবিএস ডাক্তারের লেখা প্রেসক্রিপশন ভুল ধরে এবং ঔষধ বদলে দেয়। আমরা এ বিষয়টা সহজ ভাবে নিব না।
আমরা অবশ্যই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাব। এ বিষয়ে সিভিল সার্জন রাজশাহী ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ ফারুক এর মুঠোফোন জানতে চাইলে তিনি বলেন, কোন ব্যক্তি (ডি এম এফ) কোর্স করলেই নিজেকে ডাক্তার বলে পরিচয় দিতে পারে না। তিনি কোনভাবেই ভিজিটিং কার্ডে নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করতে পারে না। এটা তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। আমরা সরেজমিনে গিয়ে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব বলেও জানান ওই কর্মকর্তা।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় অফিসে যোগাযোগ করা হলে উপ-পরিচালক হাসান আল মারুফ বলেন, একজন ডি,এম,এফ কোর্স করা ব্যক্তি কোন ভাবেই ডাক্তার পরিচয় দিতে পারে না। এরা উপজেলা পর্যায়ে গ্রাম্য চিকিৎসক হিসেবে কাজ করতে পারবে অথবা উপজেলা পর্যায়ে ডাক্তার সহকারী হিসেবে কাজ করতে পারবে। কিন্তু নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না। ভিজিটিং কার্ডে নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করে রীতিমতো জনগণ ও সরকারের সাথে প্রচারণা করছেন তিনি।
একই সাথে স্বাস্থ্যসেবার মান ক্ষুন্ন করছেন। আমরা সরজমিনে গিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব করা হবে বলেও জানান ভোক্তা অধিকারের উপ-পরিচালক হাসান আল মারুফ। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন এই ভুয়া ডাক্তারের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। সাংবাদিকরা তথ্য সংগ্রহ করে আসার সময় ওই ভুয়া ডাক্তার সহ তার ছেলে পথরোধ করে সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি দেয়।
চলবে……
