ভ্রাম্যমান প্রতিনিধি-
শিক্ষা নগরী রাজশাহী। সবুজ নগরী রাজশাহী। এখানে অবস্হিত আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তম মেডিকেল কলেজ হাসপাতাল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এই মেডিকেল কলেজ হাসপাতালে এখন ভর্তি রোগীদের একটি বড় অংশ ডায়রিয়া রোগে আক্রান্ত।
কেউ কেউ বাইরে থেকে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে এসেছেন, আর না হলে হাসপাতালে অন্য রোগের চিকিৎসা নিতে এসে এই রোগে আক্রান্ত হচ্ছেন। রাজশাহী মহানগরী ও আশপাশের এলাকাগুলিতে এবার গ্রীষ্মের শুরু থেকেই প্রচন্ড গরম।
বর্ষা ঋতু পেরিয়ে গেলেও বৃস্টিপাত কম হওয়ায় এবার তপ্ত প্রকৃতিকে শান্ত করতে পারেনি বর্ষাকাল। তারপর এখন আমাদের দেশে চলছে “শরৎ ঋতু” এর ভাদ্র মাস। একে তো চরম গরম, তার উপর ঘন-ঘন লোডশেডিং।
সবমিলিয়ে গরমজনিত রোগে আক্রান্ত হচ্ছেন এই মহানগরবাসী। সরজমিনে গিয়ে আমাদের প্রতিবেদক দেখতে পান যে, এই হাসপাতালে ভর্তি বেশীর ভাগ ডায়রিয়া রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কিছু রোগী ওয়ার্ডের শৌচাগারের পাশের মেঝেতে আছেন নিজেদের সুবিধার্থে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আমাদের প্রতিবেদককে জানান, এই হাসপাতালে প্রতিদিন ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
