ভ্রাম্যমান প্রতিনিধি-
রাজধানী ঢাকার পর বিভাগীয় শহর রাজশাহীতে বসানো হয়েছিল ট্রেন ওয়াশিং প্ল্যাণ্ট। পানি, খরচ আর সময় বাঁচিয়ে স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করে ট্রেন ওয়াশ বা পরিস্কার করার লক্ষ্য নিয়ে গত বৎসর ২০২১ সালের ৮ই নভেম্বর এই প্ল্যাণ্টটি উদ্বোধন করা হয়। ইহা বসাতে খরচ হয় ১৮ কোটি টাকা। কিন্ত উদ্বোধনের পর কার্যক্রমের শুরু থেকেই এখানে দিনে মাত্র একটি করে ট্রেন ওয়াশ করা হচ্ছে।
সেই ট্রেন ওয়াশের সময়টুকু বাদ দিয়ে দিনের বাকিটা সময় এই প্ল্যাণ্টটি অলস হয়ে পড়ে থাকে। এই কাজের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, এই প্ল্যাণ্টটিতে এখন দিনে মাত্র একটি ট্রেন ওয়াশ করা হয়। বাকি ৮টি ট্রেন ম্যানুয়াল পদ্ধতিতে ওয়াশ করেন ঠিকাদারের কর্মীরা। শানটিং সমস্যার কারণে অটোমেটিক প্ল্যাণ্টে সব ট্রেন ওয়াশ করা যাচ্ছে না বলে তারা আমাদের প্রতিবেদককে জানান।
ইহা ছাড়া ট্রেনের শিডিউল ঠিক রেখে এখানে ট্রেন ওয়াশ করা যায় না বলেও তারা মন্তব্য করেন। বাংলাদেশ রেলওয়ে সূত্র থেকে জানা যায় যে, অল্প সময়ে ট্রেনের দুই পাশ, ছাদ ও আন্ডারগিয়ার পরিস্কার করার জন্য বাংলাদেশ রেলওয়েতে দুইটি অটোমেটিক প্ল্যাণ্ট স্থাপন করা হয়। ইহার মধ্যে একটি বসানো আছে আমাদের দেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন “কমলাপুর রেলওয়ে স্টেশন”।
দ্বিতীয়টি রাজশাহী রেলওয়ে স্টেশনে। বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজ যাএীবাহী কোচ সংগ্রহ প্রকল্পের আওতায় ৩৬ কোটি টাকা ব্যয়ে এই দুইটি প্ল্যাণ্ট স্থাপন করা হয়। রেলওয়ে সূত্র থেকে আরও জানা যায় যে, এই প্ল্যাণ্টগুলি প্রতিদিন ১ লাখ লিটার পানি সাশ্রয় করতে সক্ষম। ব্যবহৃত পানির ৭০ শতাংশই রি-সাইকেল করে ফের ব্যবহার উপযোগী করে প্ল্যাণ্টটি।
যুক্তরাষ্ঠ্র থেকে নিয়ে আসা এই প্ল্যাণ্টটি অটোমেটিক ও ম্যানুয়ালড দুই মুডেই ব্যবহার করা যায়। গড়ে ১০ মিনিটে ১৪ কোচের একটি ট্রেন পরিস্কার করা যায় এখানে। অত্যাধুনিক এই প্ল্যাণ্ট পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী। সংশ্লিষ্ঠরা আমাদের প্রতিবেদককে জানান, গত বৎসর ২০২১ সালের ১১ই নভেম্বর থেকে রাজশাহীতে অবস্থিত এই প্ল্যাণ্টটির কাজ শুরু হয়।
এখন দিনে একটির বেশী ট্রেন ওয়াশ করা হচ্ছে না। একটি ট্রেন ওয়াশ করার পর প্ল্যাণ্টটি দিনভর তালাবদ্ধ থাকে। ফলে স্টেশনের ওয়াশফিল্ডে প্রতিদিন ট্রেনের টিপ শেষে অন্য ট্রেনগুলির নিয়মিত ম্যানুয়াল পদ্ধতিতে হাত ও ব্রাশ দিয়ে ঘষে ঘষে ট্রেনের ভিতরের ও বাইরের অংশ পরিস্কারের কাজ করা হচ্ছে।
