আলো ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বগুড়া-নাটোর সড়কের ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- উপজেলার কুস্তা গ্রামের মৃত জচি প্রামাণিকের ছেলে আবদুল খালেক (৫৫) ও নাটোরের সিংড়া উপজেলার কাসটে গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে বাবলু মিয়া (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে নন্দীগ্রামে আসার পথে ওমরপুর বাজারের কাছে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন।
