আলো ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন চলতি সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন। এ সময় তিনি দিল্লিতে দ্বিপাক্ষিক জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে সামনে রেখে মোমেনের এ সফর গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে। গতকাল সোমবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক আগামী ১৮ জুন অনুষ্ঠিত হতে পারে। দুই বছর পর এ বৈঠক হতে যাচ্ছে। এতে দুই দেশের মধ্যে কানেকটিভিটি, নদীর পানি বণ্টন, বিনিয়োগ ও নিরাপত্তা অংশীদারত্বসহ বেশ কিছু ইস্যুতে আলোচনা হবে। গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গুয়াহাটিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন।
সে সময় তিনি রাশিয়া থেকে জ¦ালানি তেল আমদানির ব্যাপারে ভারতের পরামর্শ চেয়েছিলেন। কারণ বাংলাদেশও জ্বালানি সুরক্ষা নিশ্চিত করতে চায়। বাণিজ্য ও সংযোগের পাশাপাশি জেসিসি বৈঠকে নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা, কনস্যুলার ও সাংস্কৃতিক বিষয়ে আলোচনা করা হবে।
পর্যটন ও চিকিৎসার জন্য ভারতে যাওয়া-আসা করা বিপুল সংখ্যক বাংলাদেশিদের সুবিধার্থে ট্রেন পরিষেবা ও ফ্লাইট বাড়ানোর উপায় নিয়েও দুই পক্ষ আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। চলতি বছরের এপ্রিলে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
