স্টাফ রিপোর্টার
১৮ নং ওয়ার্ডের কুখ্যাত মাদক ব্যবসায়ী, চোরাকারবারী, পুলিশের সোর্স ও দালাল পরিচয়দাতা রুবেলের কঠিন শাস্তির বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সকাল ১০ ঘটিকার সময় নগরীর শালবাগান মোড়ে বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনের রাস্তায় ব্যানার, ফেস্টুন হাতে অবস্থান নেয় ১৮নং ওয়ার্ড এলাকাবাসী এবং তারা কুখ্যাত এ মাদক ব্যবসায়ী রুবেলের কঠিন শাস্তির বিচারের দাবি জানায় র্যাব, ডিবি ও পুলিশ প্রশাসনের কাছে।
কারণ দীর্ঘদিন থেকে রুবেলের মাদক কর্মকান্ডের জন্য অতিষ্ঠ এবং আতঙ্ক গ্রস্থ ছিল এলাকাবাসী। পুলিশের সোর্স হিসেবে পরিচয়দানকারী রুবেল এলাকায় মাদক, জুয়া, চুরি, ছিনতাইসহ নানা অপকর্মের সাথে জড়িত থাকা সত্ত্বেও এলাকাবাসী ভয়ে এতোদিন কিছু বলতে পারেনি। অনেক সময় কেউ রুবেলের বিরুদ্ধে অভিযোগ করলে তাকে নানাভাবে হয়রানি করা হত এমনকি তাদেরকে বিভিন্ন মাদক দিয়ে ধরিয়ে দিত বলে জানায় এলাকাবাসী।
কিন্তু র্যাব-৫ এর একটি দল ৯ এপ্রিল শনিবার দিবাগত রাতে ২৮ কেজি ভাং সহ হাতেনাতে রুবেলসহ তার সঙ্গী দলের ৭ জনকে আটক করে এবং চন্দ্রিমা থানায় সোপর্দ করে। তাদেরকে আটক করার কারণে এলাকায় এখন স্বস্তি বিরাজ করছে। রুবেল জেলহাজত হতে ছাড়া পেয়ে আবারও একই অপকর্ম যাতে চালাতে না পারে, এলাকাবাসীর স্বস্তি যেন বিঘ্নিত না হয় তার জন্যই কুখ্যাত মাদক ব্যবসায়ী রুবেলের শাস্তির দাবি জানাতে মানববন্ধন করে এলাকাবাসী।
এসময় উপস্থিত থেকে রুবেলের কঠিন শাস্তির বিচার দাবিতে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: ডাবলু সরকার, ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান নুরু ও সাধারন সম্পাদক মজিবর রহমান, মহানগর যুবলীগের সহ-সভাপতি মোখলেছুর রহমান, মনিরুল ইসলাম মনির প্রমুখ।
