রা জ শা হী র আ লোঃ – শিক্ষার্থীকে পক্ষপাতমূলকভাবে কম নম্বর দেওয়া ও মানসিক নির্যাতন এবং বিভাগের চার শিক্ষকের অনাস্থাসহ কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী ৬ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। গত বুধবার রাতে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫১২তম সিন্ডিকেট সভায় তিন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের বিষয়টিনিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর। তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির বিরুদ্ধে শিক্ষার্থীকে পক্ষপাতমূলক কম নম্বর দেওয়া, মানসিক নির্যাতন করাসহ নানা অভিযোগ ছিল।
এ ছাড়া সভাপতির বিরুদ্ধে বিভাগের চার শিক্ষক অনাস্থা জানিয়েছেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির বিরুদ্ধে তিন সদস্যের কমিটি গঠন করেছে।
এতে ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক আবুল কাশেমকে আহ্বায়ক করা হয়। এ ছাড়া লোকপ্রশাসন বিভাগের প্রণব কুমার পা-ে ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক হাবিবুর রহমানকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
