আলো ডেস্ক:
রাজধানীর হাজারীবাগ থানার বসিলা ব্রিজের ঢালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত এক নারী (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক। গতকাল শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। হাজারীবাগ থানার এএসআই সোহরাব হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল শুক্রবার ভোরে বসিলা এলাকায় ডিউটিকালিন সময় স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বসিলা ব্রিজের ঢালে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী নারী ও চালক রাস্তায় পড়ে আছেন। পরে গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। আহত চালক চিকিৎসাধীন। তাকে ঢামেক হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর।
তিনি বলেন, আহত ওই চালক রাইট শেয়ারিং করতেন বলে জানা গেছে। কোন যানবাহনের ধাক্কায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে তারা তা জানা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
