সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের রাফায় ইসরাইলি হামলা বন্ধের জন্য পশ্চিমা বিশ্বের ১৩টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী কাটজকে চিঠি দিয়েছে। চিঠিতে গাজায় আন্তর্জাতিক আইন মেনে চলার দাবি জানিয়েছে তারা।
বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, ইসরাইল সরকারকে পাঠানো পশ্চিমা দেশগুলোর চিঠিতে ফিলিস্তিনের ‘লাইফলাইন’ রাফায় ইসরাইল হামলা বন্ধের জন্য আহবান জানানো হয়েছে। এ দেশগুলো বিশ্বে ইসরাইলের মিত্র দেশ বলে পরিচিত।
পশ্চিমা দেশগুলো ইসরাইলি সরকারের কাছে যে চিঠি পাঠিয়েছে তা জনসম্মুখেও প্রকাশ করেছে। চিঠিতে বলা হয়েছে, ‘রাফায় ইসরাইলি বাহিনীর পূর্ণ মাত্রার সামরিক হামলার বিরোধিতা জানাই। কারণ এটি বেসামরিক নাগরিকদের জীবন বিপর্যস্ত করে তুলতে পারে।’
চিঠিতে গাজায় আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বিধ্বংসী মানবিক সংকট মোকাবিলার উপায় রাখার ওপর জোর দিয়েছেন দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও ভূখণ্ডের বেসামরিক নাগরিকদের পাশাপাশি আন্তর্জাতিক এবং স্থানীয় মানবিক সহায়তাকর্মী ও সাংবাদিকদের সুরক্ষার জন্য জোরালো পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়।
তারা বলেন, ‘আমরা ইসরাইল সরকারকে রাফাসহ ফিলিস্তিনের সব সীমান্ত দিয়ে গাজা উপত্যকায় মানবিক সহায়তা ঢুকতে দেয়ার অনুরোধ জানাচ্ছি।’
চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যদেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও সুইডেন। এ চিঠিতে স্বাক্ষরকারী ১৩টি পশ্চিমা দেশের মধ্যে জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি সব দেশ রয়েছে।
