সংগৃহীত ছবি
আলো ডেস্ক
বহুল আলোচিত নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালকে নৃশংসভাবে গুলি করে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি ও শুটারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৬ মে) চট্টগ্রামের বায়েজিদ ও নড়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার অন্যতম আসামি ও শুটার নড়াইলের লোহাগড়ার সাজেদুল মল্লিক (২৫), লোহাগড়ার পাভেল শেখ (২৮), নড়াইলের মামুন মোল্যা (২৬) ও লোহাগড়ার মো. রহমত উল্লাহ শেখ (১৯)।শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৬, র্যাব-৭ ও র্যাব-১০ এর যৌথ আভিযানিক দল চট্টগ্রামের বায়েজীদ ও নড়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।
গ্রেপ্তারকৃতরা জানায়, সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ডেও সাবেক মেম্বার আকবর হোসেন লিপনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো। ২০২২ সালের ডিসেম্বর মাসে পূর্ব বিরোধের জের ধরে ভিকটিম মোস্তফা কামাল ও আকবর হোসেন লিপন অনুসারীদের মধ্যে একটি সংঘর্ষে লিপন গুরুতর আহত হয়। লিপনের একটি হাত কাটা পড়ে। এরপর থেকে লিপন ও তার অনুসারীরা মোস্তফা কামালের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে।
লিপনের নির্দেশনায় ঘটনার দিন ১০ মে সকালে তার (লিপনের) ছোট ভাইয়ের বাড়ীতে গ্রেপ্তারকৃত সাজেদুলসহ অন্যান্য আসামিরা মোস্তফা কামালকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী মোস্তফা কামালের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে ঘটনার দিন সন্ধায় সাজেদুলসহ অন্যান্য আসামিরা সুইচ গিয়ার চাকু, রামদাসহ বিদেশি অস্ত্র নিয়ে ঘটনাস্থলে অবস্থান নেয়। চেয়ারম্যান মোস্তফা কামাল ঘটনাস্থলে পৌঁছালেই সাজেদুলের হাতে থাকা বিদেশি পিস্তল দিয়ে মোস্তফা কামালকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়ে। যার মধ্যে ২ রাউন্ড গুলি চেয়ারম্যানের বুকে ও পিঠে লেগে গুরুতর আহত হয়।
ঘটনার পর শুটার সাজেদুলসহ অন্যান্য সহযোগী আসামিরা গ্রেপ্তার এড়াতে ঢাকা, পতেঙ্গা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকে। র্যাবের একাধিক দল অভিযান চালিয়ে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে সাজেদুল, পাভেল ও মামুনকে গ্রেপ্তার করে। সাজেদুলের দেয়া তথ্য অনুযায়ী রহমত উল্লাহকে নড়াইল থেকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালের হত্যার ঘটনায় তার বড় ভাই সিকদার রেজাউল করিম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, সিকদার মোস্তাফা কামাল হত্যা মামলার চার আসামিকে র্যাব থানায় হস্তান্তর করেছে। এ পর্যন্ত এ মামলায় মোট ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
