আলো ডেস্ক
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল রোববার (১২ মে) প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ।
সাধারণ ৯টি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে (কারিগরি বাদে) এবার পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ লাখ ৯১ হাজার ৫৯ জন। এরমধ্যে পাস করেছে ১৫ লাখ ৭২ হাজার ৪৩২ জন। অর্থাৎ, ১০টি বোর্ডে ফেল করেছে ৩ লাখ ১৮ হাজার ৬২৭ জন। এরমধ্যে শুধু গণিতে ফেল করেছে ১ লাখ ৬৬ হাজার ৬০২ জন। অর্থাৎ, ফেল করা শিক্ষার্থীদের অর্ধেকের বেশি গণিতে অকৃতকার্য হয়েছে।
বোর্ডভিত্তিক ফলাফলে গণিতে এ বছর সবচেয়ে খারাপ ফল করেছে মাদ্রাসা বোর্ড। বোর্ডটিতে ১২ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থীই গণিতে ফেল করেছে।
এ ছাড়া ঢাকা বোর্ডে গণিতে ফেলের হার ১২ দশমিক ২৮ শতাংশ, কুমিল্লায় ১২ দশমিক ০৪ শতাংশ, দিনাজপুরে ১১ দশমিক ৯০ শতাংশ, ময়মনসিংহে ১০ দশমিক ৪৯ শতাংশ, চট্টগ্রামে ৭ দশমিক ৬৩, বরিশালে ৭ দশমিক ৪০ শতাংশ, সিলেট বোর্ডে ৬ দশমিক ৩৯ শতাংশ এবং রাজশাহীতে ৬ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী গণিতে ফেল করেছে।
অন্যদিকে এবার গণিতে সবচেয়ে ভালো ফল করেছে যশোর বোর্ড। এ বোর্ডটিতে গণিতে পাসের হার ৯৮ দশমিক ৫৫ শতাংশ। এবারের ফলাফলে দেশসেরা হয়েছে যশোর বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ।
