ছবি সংগৃহীত
আলো ডেস্ক
সুনামগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।
ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুজন নিহত হন। এ দুর্ঘটনায় সঙ্গীত শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান নিহত হয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, একটি গানের অনুষ্ঠান থেকে ফিরছিলেন পাগল হাসান। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সুরমা ব্রিজের কাছে বাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পাগল হাসানের বন্ধু ফ্রান্স প্রবাসী তারেক মিয়া জনি বলেন, রাতেও কথা বলেছি ওর সাথে। আজ হঠাৎ তার মৃত্যু সংবাদ শুনলাম। এ খবর শুনে ওর ফোনে ফোন দিলে কেউ একজন বললেন ও আর নেই। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে গোবিন্দগঞ্জ নামক স্থানের সুরমা ব্রিজের কাছে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ওর।
তারেক মিয়া আরও বলেন, একটি গানের অনুষ্ঠান শেষ করে সুনামগঞ্জ ফিরছিল সে। এরইমধ্যে সামাজিক মাধ্যমে বেশ কয়েকজন তার মরদেহের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। এতে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
তার সহকর্মীদের অনেকেই প্রকাশ করেছেন শোক। পাগল হাসান সুনামগঞ্জের সন্তান। সুরকার গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে পরিচিতি ছিল তার। শ্রোতাদের মধ্যেও ছিল জনপ্রিয়তা। তার লেখা গান আসিফ আকবরসহ দেশের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী গেছেন।
পাগল হাসানেরও একাধিক শ্রোতাপ্রিয় গান রয়েছে। এরমধ্যে আসমানে যাইও না রে বন্ধু, জীবন খাতা, আমি জ্বইলা মরি উল্লেখযোগ্য।
