ছবি সংগৃহীত
আলো ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের নতজানু নীতির কারণে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পাহাড়ে সন্ত্রাসের অভয়ারণ্য সৃষ্টি করেছে। সরকারের পৃষ্ঠপোষকতায় দেশজুড়ে যে হরিলুট চলছে তারই প্রতিফলন হচ্ছে পাহাড়ে সন্ত্রাসী গোষ্ঠীর সাম্প্রতিক সময়ের ব্যাংক ডাকাতি ও লুটপাট। সমাজে নৈরাজ্য পরিস্থিতির জন্য অগণতান্ত্রিক সরকার দায়ী।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ক্ষমতাসীনরা লাখ লাখ কোটি টাকা তারা পাচার করে বেগম পাড়া, সেকেন্ড হোম তৈরি করেছে। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে। বিশ্ববাসী এ অগণতান্ত্রিক সরকারকে স্বীকৃতি দেয়নি।
এমপির বিদেশে বাড়ি বানানোর বিষয়ে রিজভী বলেন, ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপিরা এখন বিদেশের মাটিতে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক। এ খবর গণমাধ্যমে আপনারা দেখেছেন। একজন এমপির বিদেশে ২৫০-৩০০টি বাড়ি, এটি চিন্তা করা যায়? সুতরাং সমাজের পেশাগত ডাকাতরাতো উৎসাহিত হবেই।
তিনি আরও বলেন, সরকারের ঘনিষ্ঠজনদের সীমাহীন দুর্নীতি, লুটপাট ও টাকা পাচারে ঘটনা দেখে পেশাগত ডাকাতরা উৎসাহিত হয়ে সন্ত্রাসী গোষ্ঠী পাহাড়ে ব্যাংক ডাকাতি বা লুটপাটের ঘটনা ঘটাচ্ছে।
দেশে যখন গণবিরোধী সরকার থাকে তখন দেশের অভ্যন্তরে নানা সন্ত্রাসীগোষ্ঠী জন্ম নেয় উল্লেখ করে সাবেক এই ছাত্রনেতা বলেন, পাহাড়ের সন্ত্রাসের ঘটনায় যে সরকারের ইনভলমেন্ট নেই সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটি অত্যন্ত রহস্যজনক। তারা জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিতে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে কিনা তাও বলা যাচ্ছে না।
