ছবি সংগৃহীত
আলো ডেস্ক
বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনা যারা ঘটিয়েছে, তাদের বিচার হবে, কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আমরা এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে তথ্য দিচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেভাবেই কাজ করছে। পহেলা বৈশাখ কিংবা অন্য কিছু নিয়ে নাশকতার কোনো তথ্য আমাদের কাছে এখনো আসেনি। না এলেও আমাদের যে সতর্কতা, তা নেওয়া হচ্ছে।
বান্দরবানের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা হামলার কারণ বের করব। আর যারা দায়ী, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর পেছনে ভূ-রাজনৈতিক কিছু আছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। অনেক কিছু হতে পারে। তবে তথ্য না জেনে কিছু বলতে চাচ্ছি না। আবার খুব অল্প সময়ের মধ্যে কয়েকটি বড় বড় শিল্পকারখানায় আগুন ধরার পেছনে কোনো রহস্য আছে কি না, তা ও খতিয়ে দেখা হবে।
আসাদুজ্জামান খান বলেন, কুকি-চিনের আস্তানা র্যাব ও আর্মি নিশ্চিহ্ন করে দিয়েছিল। পরে আমাদের সীমানা পার হয়ে তারা ভিন্ন দেশে আশ্রয় নেয়। সেখানেই তারা অবস্থান করছিল। এখন তারা কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে! মাঝে মধ্যে তাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে কথা বলেন। তারা শান্তি চান বলেও জানিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে আক্রমণ ও ব্যাংক ডাকাতির ঘটনা আমাদের কাছে নতুন কিছু মনে হচ্ছে। তবে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
