আলো ডেস্ক
দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ অবস্থায় ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) দেয়া রিপোর্টে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন তিনি।
রবিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তাই এনডিআই কী বললো তাতে কিছু আসে যায় না। আইআরআই ও এনডিআইয়ের রিপোর্টে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সহিংসতার বিষয়টি যুক্ত হওয়া উচিত ছিলো।
এসময় সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি জাহাজ উদ্ধারে কাজ চলছে বলে জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলদস্যুদের কবলে থাকা জাহাজ ও নাবিকদের অক্ষতভাবে উদ্ধারে চেষ্টা চলছে।
জাহাজ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্ক ও সংযত হওয়ারও আহবান জানান তিনি। হাছান মাহদমুদ বলেন, কী প্রক্রিয়ায় জাহাজ উদ্ধার করা হবে, তা জনসমক্ষে প্রকাশ করার বিষয় নয়।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনের আগে, চলাকালীন ও পরে সম্ভাব্য নির্বাচনি সহিংসতা ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন (টিএএম) কাজ করে। তাদেরই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে।
