ছবি সংগৃহীত
আলো ডেস্ক
‘দখলদার’ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই। সাময়িকভাবে বাধাগ্রস্থ হতে পারে কিন্তু সার্বিকভাবে কখনো ব্যর্থ হয় না। আজকে না হয় কালকে এই ফ্যাসিস্ট দখলদার সরকারের পতন ঘটবেই এই জনতার হাতে।
শনিবার দুপুরে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের ঊধর্বগতি, বিদ্যুত, গ্যাসে, পানির দাম বৃদ্ধির প্রতিবাদে শনিবার সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ হয়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য পথচারিদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
মির্জা আব্বাস বলেন, আজকের কর্মসূচি দ্রব্যমূল্যের ঊধর্বগতির প্রতিবাদে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। বাড়ছে, বাড়বে। আমরা এটাই জনগণকে জানাতে চাই শুধুমাত্র, আর কিছুই না। আমাদের এই চলমান গণতান্ত্রিক আন্দোলন, আমাদের এই অহিংস আন্দোলন, গণতন্ত্র উদ্ধারের আন্দোলন, বাক স্বাধীনতার আন্দোলন, ভোটের অধিকারের আন্দোলন সারা বাংলাদেশে চলবে।
তিনি বলেন, মুসলিন-স্ট্যালিনরা বহুদিন রাজত্ব করেছে। কিন্তু পরিণতি হয়েছে ভয়াবহ। জনগণের আন্দোলনের মুখে কোনো ফ্যাসিস্ট সরকার টিকে থাকতে পারে নাই। আজকে যে সরকার আছে এটাকে সরকার বলা যাবে না। এটা হচ্ছে ভিন্ন ভাষায় বলা যেতে পারে এটা সরকার নয়। এরা জোর করে জনগণের ভোটের বাইরে ক্ষমতায় টিকে আছে। ক্ষমতায় টিকে আছে লুটপাট করার জন্য, ক্ষমতায় টিকে আছে চুরি করার জন্য, ক্ষমতায় টিকে আছে এদেশের মানুষের কষ্ট দেয়ার জন্য।
‘আমরা আন্দোলন করতে করতে এই পর্যন্ত এসেছি। আমাদের বয়স হয়ে গেছে। এখন পরবর্তি যে প্রজন্ম আছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। এই স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের মনোবল ঠিক রাখতে হবে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নিজেদের মধ্যে গণতন্ত্রের বিকাশ ঘটাতে হবে। এই সরকারের পতন ঘটানোর জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। আপনারা অনেক সহ্য করেছেন, আরও সহ্য করতে হবে। যদি বলেন, কতদিন সহ্য করতে হবে এটা বলা সম্ভব না।’
সকালে বেইলি রোড সড়কে লিফলেট বিতরণ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময়ে বিএনপির রফিকুল ইসলাম,মাহমুদুর রহমান সুমন, আকরামুল হাসান, যুব দলের জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের জাহিদুল কবির প্রমূখ নেতারা ছিলেন।
