ফাইল ছবি
আলো ডেস্ক
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে আজ বিকেলে সভা ডেকেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। কমিশন সূত্রে জানা গেছে, আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পিএসসি সূত্র জানিয়েছে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিলের মধ্যে আয়োজন করা হতে পারে। প্রাথমিকভাবে এ তারিখ ঠিক করা হয়েছে। পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে কমিশনের এই সভা ডাকা হয়েছে।
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে আমরা সভা ডেকেছি। সভায় সিদ্ধান্ত হলে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এর আগে গত ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ১০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন, যা চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ বিসিএসে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৮ হাজারেরও কিছু বেশি।
পিএসসির বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে শূন্য পদের সংখ্যা ৩ হাজার ১৪০টি। এরমধ্যে সবচেয়ে বেশি নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেয়া হবে। প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেয়া হবে।
এদিকে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নিয়ে প্রার্থীরা উদ্বেগের মধ্যে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির গ্রুপগুলোতে অনেক চাকরিপ্রার্থী উদ্বেগ প্রকাশ করেছেন।
আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার দিন ঠিক ছিল। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
