ছবি সংগৃহীত
আলো ডেস্ক
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল ও মনিটারি পলিসির মিসম্যাছের কারণে আমরাও ডলার সঙ্কটে ভুগছি। বিশ্বব্যাপী সমস্যা আমাদেরকেও প্রভাবিত করেছে। এজন্য বাংলাদেশের কাছে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমাদের মুদ্রায় লেনদেনের প্রস্তাব দিয়েছি, বাংলাদেশ সেটি বিবেচনা করছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আজকের কি বিষয়ে আলোচনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বর্তমানে খুব কম দেশেই পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চীন একটি। বাংলাদেশেরও আছে। চীনের ইতোমধ্যে ১৪টি পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছে।
তিনি বলেন, সেজন্য বাংলাদেশের সাথে পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে যৌথভাবে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমরা কিভাবে অভিজ্ঞতা বিনিময় করতে পারি, কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি সেসব বিষয়ে কথা হয়েছে।
তার মতে, আমাদের চীনে ন্যাশনাল ডেভেলপমেন্ট এন্ড রিফর্মস কমিটি আছে, সেটি হুবহু এ দেশের পরিকল্পনা কমিশনের কমিটির মতো। এই দুই কমিটি একসাথে কিভাবে কাজ করতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের চীন-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছি।
এসময় পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেন, আমাদের সাথে তাদের যেসব সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধানে আলাপ হয়েছে।
তিনি বলেন, চীনেরও পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে, আমাদেরও আছে। সেসব বিষয়ে কিভাবে অভিজ্ঞতা বিনিময় করা যায় তা নিয়ে কথা হয়েছে।
