বিনোদন ডেস্ক
গত ১৮ই জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘অসময়’। ওয়েব ফিল্মটি মাত্র ৮ দিনেই ভিউয়ের রেকর্ড গড়েছে। সারা বিশ্বজুড়ে ৩ লক্ষেরও বেশি দর্শক দেখেছেন সিনেমাটি। বঙ্গ জানাচ্ছে, ১০০টিরও বেশি দেশে ছাড়িয়েছে ৩.৫ কোটিরও বেশি মিনিট ভিউ! যা ভেঙে ফেলেছে অমির গতবছরের কন্টেন্ট, ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এর রেকর্ড!
সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে উর্বির জীবনের গল্প নিয়ে নির্মিত কাজল আরেফিন অমি’র প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’।
ওয়েব ফিল্মটি পরিচালক অমির অন্যান্য কাজ থেকে অনেকটাই আলাদা। এখানে তিনি বর্তমান সমাজ ও সময়ের গল্প বলার চেষ্টা করেছেন। এই ওয়েব ফিল্মের গল্প ছুঁয়ে গেছে দর্শকদের হৃদয়। সিরিয়াস গল্পের পাশাপাশি অমির চিরায়ত হাসির রসদও ছিল।
‘অসময়’-এর রেকর্ড গড়া নিয়ে পরিচালক বলেন, ‘কনটেন্টটি নিয়ে আমাদের সবারই অনেক আশা ছিলো। রিলিজের পরপরই দারুণ সাড়া পেয়েছি। কিন্তু ভাবিনি যে এটা ‘হোটেল রিল্যাক্স’-কেও ছাড়িয়ে যাবে। দর্শকরা অসময়কে খুব ভালোবেসেছেন। দর্শকরা এমন সাপোর্ট দিচ্ছেন বলেই আগামীতে আরও ভালো করার উৎসাহ পাচ্ছি।’
অসময়-এর মূল চরিত্র উর্বির ভূমিকায় অভিনয় করেছেন এই সময়ের প্রতিভাবান অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এছাড়া উর্বির বাবা-মায়ের চরিত্রে তারিক আনাম খান ও মুনিরা মিঠুর দুর্দান্ত অভিনয় দর্শকদের যেমন কাঁদিয়েছে; পাশাপাশি হাসিয়েছে সাংবাদিক ও পুলিশ কর্মকর্তা চরিত্রে শরাফ আহমেদ জীবন ও ইরেশ জাকের জুটির মজার রসায়ন। আইনজীবীর ভূমিকায় আলাদাভাবে নজর কেড়েছেন রুনা খান। পাশাপাশি পারিবারিক জীবনের দৃশ্যে ইন্তেখাব দিনারের সঙ্গে তার একে অপরকে ছাড়িয়ে যাওয়া অভিনয় ছিল নজরকাড়া।
পাশাপাশি শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ, সুমন পাটোয়ারী প্রমুখ যার যার চরিত্রে ছিলেন অনবদ্য। ক্ষণিকের উপস্থিতিতে নিজেকে চমৎকারভাবে মেলে ধরেছেন জিয়াউল হক পলাশ।
অসময়-এর প্রযোজক ও বঙ্গ-এর চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘অসময় ওয়েব ফিল্মটা হোটেল রিল্যাক্সের চেয়েও ভালো করেছে এটাতে আমরা খুবই আনন্দিত। দর্শক এভাবেই আমাদের সাপোর্ট করে যাবেন বলে আমাদের আশা!’
উল্লেখ্য, গত বছর রোজার ঈদ উপলক্ষ্যে নির্মাতা কাজল আরেফিন অমি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর সঙ্গে ‘হোটেল রিল্যাক্স’ নির্মাণ করেন। অসময়-এর আগ পর্যন্ত সেটি বঙ্গ-এর সবচেয়ে জনপ্রিয় ও দেশীয় ওটিটি ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসাসফল কন্টেন্ট হিসেবে রেকর্ড গড়ে।
