আলো ডেস্ক এক্সক্লুসিভ: এ বছর অধিভুক্ত সাত কলেজের সাতটি কেন্দ্রসহ মোট ১৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার সাত কলেজের বিজ্ঞান ইউনিটের মোট ছয় হাজার ৫০০টি আসনের বিপরীতে লড়ছেন ৪১ হাজার ৯৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
এদিন সরেজমিন সকালে ঢাকা কলেজ কেন্দ্রের সামনে দেখা যায়, জ্বালানি তেলের দাম বাড়ানোয় দ্বিতীয় দিনের মতো সারাদেশে চলা পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তি নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসেন শিক্ষার্থীরা। যানবাহনের জন্য রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। গাড়ি পেলেও ভাড়া গুনতে হয়েছে কয়েকগুণ বেশি।
বেশি ভাড়া দিয়েও অনেকে সময় মতো গাড়ি পাননি। পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষার্থীদের অনেকটাই অনুকূল ছিলো। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, শুক্রবারের পরীক্ষায় শিক্ষার্থী উপস্থিতি ভালো ছিলো।
আজও আশাকরি ভালো হবে। ধর্মঘটের কোনো প্রভাব পরীক্ষার্থী উপস্থিতিতে পড়ছে বলে আমার মনে হয় না। অধিভুক্ত সাত কলেজ বিষয়ে তিনি বলেন, সাত কলেজের সমস্যা সমাধানে সমন্বিত ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের সেশনজট নিরসনে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সাত কলেজের ক্লাস সংকট, শিক্ষক সংকট, কত শিক্ষার্থী আছে এটা বিবেচনা করে আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো। চেষ্টা থাকবে, অতি দ্রুত যেন আমরা অধিভুক্তির মূল উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি। এর আগে গত শুক্রবার সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
