ছবি সংগৃহীত
আলো ডেস্ক
ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফেনীর ফাজিলপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে স্লিপারের রিং স্পাইক (ক্লিপ) খুলে নেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি টের পেয়ে তিনজনকে দায়িত্বরত আনসার সদস্যরা ধাওয়া করেন।
সোমবার দুপুরে এ নাশকতার চেষ্টা চালানো হয়।
আনসার সূত্রে জানা গেছে, কয়েকজন আনসার সদস্য দুপুর ১২টার দিকে টহল দিচ্ছিল। এসময় তিনজনকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের স্লিপারের ক্লিপ খুলতে দেখেন তারা। তখন তারা ওই তিনজনকে ধাওয়া করেন। তবে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলে ১২টি স্লিপারের ক্লিপ খোলা দেখতে পান আনসার সদস্যরা। তারা বিষয়টি জেলা কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ানকে জানান। তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন।
ফাজিলপুর রেলস্টেশন মাস্টার মেহেদী হাসান বলেন, ১২টি স্লিপারের ক্লিপ খোলায় ট্রেন চলাচলে অসুবিধা হবে না। তবুও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
ফেনী রেলস্টেশন মাস্টার মো. হারুন ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, ক্লিপ খোলার বিষয়টি জিআরপিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
