ছবি: সংগৃহীত
আলো ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধে। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়ে মিটিং করে নৌকার ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে টুকুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। এছাড়াও তার বিরুদ্ধে নির্বাচনী কাজে বাধা, হুমকি এবং নেতাকর্মীদের মারধরের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাঈদ।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে নিউজনাউকে শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান (যুগ্ম জেলা ও দায়রা জর্জ) ইকরামুল কবির। এদিন সকালে শামসুল হক টুকুর বরাবর ইকরামুল কবির স্বাক্ষরিত শোকজ চিঠি প্রেরণ করা হয়েছে।
শোকজ চিঠিতে টুকুর বিরুদ্ধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮ এ উল্লেখিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট নিম্ন লিখিত অভিযোগ করা হয়েছে।
কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, তার বাসভবনে চলতি মাসের ১৪ ডিসেম্বর মাগরিবের পর তিনি স্থানীয় ও সরকারি কর্মকর্তাদের উদ্যোগে কিছু লোকজনকে সাথে নিয়ে স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে নির্বাচনী মিটিং করেন। মিটিংয়ে নৌকা মার্কায় ভোট চান এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে তাদের অভিভাবকগণদের নৌকায় ভোট প্রদানে উদ্বুদ্ধ করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরন বিধিমালা, ২০০৮ এর ১২ বিধির লঙ্ঘন।
এছাড়াও উক্ত অভিযোগ বিষয়ে তার কোন বক্তব্য থাকলে তা নিম্ন স্বাক্ষরকারীর নিকট সরাসরি প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে আগামী ২ (দুই) কার্যদিবসের মধ্যে প্রদান করার জন্য বলা হয়। অন্যথায় টুকুর ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশনের নিকট তদন্ত প্রতিবেদন প্রেরণ করা হবে বলে জানানো হয় ওই নোটিশে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) স্থানীয় বিভিন্ন সরকারি ও বে-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মিটিং করে নৌকা মার্কায় ভোট চাওয়ায় টুকুর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনে পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক আবু সাইয়িদ। পরে সেটা লিখিত অভিযোগ আকারে নির্বাচনী অনুসন্ধান কমিটি এবং জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।
