আলো ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ইউএস বাংলার একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে ৪৯টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক সোনার ওজন প্রায় পাঁচ কেজি ৬৮৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য চার কোটি ৪১ লাখ টাকা।
এ ঘটনায় মো. ফজলে রাব্বী নামে ইউএস বাংলা এয়ারলাইন্সের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শাহজালাল বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার ভোর ৪টা ২৫ মিনিটের দিকে ইউএস বাংলার বিএস ৩৪২ উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর উড়োজাহাজের সন্দেহভাজন যাত্রী ফজলে রাব্বীকে চিহ্নিত করে তাকে জিজ্ঞাসাবাদ করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
তিনি জানান, আটক সোনার বারগুলো শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আটক যাত্রীর নামে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।
সূত্র-জাগোনিউজ
