আলো ডেস্ক
বিএনপি ঘোষিত ১০ ডিসেম্বরের মানববন্ধনের অনুমতির বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন।
বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মহিদ উদ্দিন বলেন, বিএনপির মানববন্ধনের অনুমতির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ডিএমপি কমিশনার ইসির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন।
তিনি আরো বলেন, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনকে সহায়তার জন্য সব সংস্থাগুলো কাজ করছে। সে অনুযায়ী ধাপে ধাপে আমাদের কার্যক্রম চলছে। এখন নির্বাহী বিভাগের যেকোনো সিদ্ধান্ত নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না আমাদের বিবেচনায় নিতে হয়।
৪ ডিসেম্বর বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দশম দফায় অবরোধ কর্মসূচির সঙ্গে আগামী ১০ ডিসেম্বর জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন। পরে বিএনপির পক্ষ থেকে ঢাকায় মানববন্ধনের জন্য অনুমতি চেয়ে ডিএমপির কাছে চিঠি দেয়া হয়।
