আলো ডেস্ক এক্সক্লুসিভ: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিবি আয়েশা (২৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গত সোমবার বিকেলে স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত বিবি আয়েশা চরএলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরকলমী গ্রামের মো. আকরাম হোসেন ওরফে রাসেলের স্ত্রী। তারা চাচাতো-জেঠাতো ভাইবোন। তাদের দুটি ছেলে সন্তান আছে।
বাড়ির লোকজন জানান, গত সোমবার দুপুরে হঠাৎ বিবি আয়েশার হাত-পা ঠান্ডা হয়ে আসে। তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আয়েশার স্বামী মো. আকরাম হোসেন জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।
শুনেছেন রাগের বশে তার স্ত্রী ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন। কোম্পানীগঞ্জ থানার এসআই মো. নিজাম উদ্দিন বলেন, পরিবারের দাবি অনুযায়ী আত্মহত্যার কোনো আলামত পাওয়া যায়নি। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
