বিনোদন ডেস্ক
বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের নামে জ্বালাও-পোড়াও বন্ধের দাবিতে রাস্তায় নেমেছেন শোবিজের শিল্পীরা। ‘বন্ধ কর হরতাল-অবরোধ, বন্ধ কর আগুন-সন্ত্রাস’ স্লোগানে আজ শনিবার দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছেন তারা। এতে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজকরা। তাদের দাবি, অবিলম্বে দেশে আগুন-সন্ত্রাস বন্ধ করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন অভিনেতা রিয়াজ, ফেরদৌস, খায়রুল আলম সবুজ, তুষার খান, অভিনেত্রী শম্পা রেজা, নিমা রহমান, শমী কায়সার, তারিন জাহান, তানভীন সুইটি, জ্যোতিকা জ্যোতি, নিপুণ আক্তার, মাহিয়া মাহি, উর্মিলা শ্রাবন্তী কর, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, সালাহউদ্দিন লাভলু, মিলন ভট্ট, গায়ক এসডি রুবেল, গায়ক ও সংগীত প্রযোজক ধ্রব গুহসহ অনেকে।
হরতাল-অবরোধের নামে আগুন-সন্ত্রাসের তীব্র নিন্দা জানিয়েছে শিল্পীরা। শুধু তাই না, এসব প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণাও দেন তারা। শিল্পীরা বলেন, জনগণের পেটে লাথি মেরে কোনোভাবেই জনগনের জন্য কাজ করা যায় না। হরতাল অবরোধের মাধ্যমে বিএনপি জামাতের রাজনীতি জনগণের ক্ষতি করছে। যারা নিম্নবিত্ত তাদেরকে তারা হত্যা করছে আগুন-সন্ত্রাসের মাধ্যমে। পুলিশ মারা যাচ্ছে, সাংবাদিক আহত হচ্ছে। দেশের ভাবমূর্তি নষ্ট করছে। নতুন প্রজন্মের কাছে নেতিবাচক রাজনীতিকে তুলে ধরছে। আমরা এটা চাই না।
শেখ হাসিনাতেই আস্থা এই স্লোগান নিয়ে তারা বলেন, যারা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের বিপক্ষে ছিল তাদের সঙ্গে বসে স্বাধীনতা বিনির্মাণ করা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের আমলে দেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাড়াচ্ছে। আর ঠিক সেসময় এদেশের সেই উন্নতিকে বাধাগ্রস্থ করে অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে তারা।
